মার্কিন রণতরি ইরানমুখী: উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিত আন্তর্জাতিক বিমান গুলোর

মধ্যপ্রাচ্য: ইরানের দিকে একটি বিশাল মার্কিন রণতরি বহর এগিয়ে যাচ্ছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় কেএলএম, লুফথানসা ও এয়ার ফ্রান্সসহ একাধিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিমান সংস্থা এই অঞ্চলে তাদের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তের ফলে ইসরাইল, দুবাই ও সৌদি আরবের রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ২৩ ও ২৪ জুলাই দুবাইগামী তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনস অনির্দিষ্টকালের জন্য দুবাই, সৌদির রিয়াদ ও দাম্মাম এবং ইসরাইলের তেলআবিবে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। সংস্থাটি জানায়, নিরাপত্তাজনিত কারণে ইরান, ইরাক, ইসরাইলসহ গালফ অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা এড়িয়ে চলছে তাদের বিমান।

এছাড়া যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কার প্রেক্ষিতে ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার কানাডাও ইসরাইলে তাদের ফ্লাইট স্থগিত করেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, একটি শক্তিশালী মার্কিন ‘আর্মাডা’ বা রণতরির বহর ইরান অভিমুখে যাত্রা শুরু করেছে। এর আগে সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করা হলেও প্রেসিডেন্টের এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

হোয়াইট হাউসের বরাতে জানা গেছে, তেহরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করলেও ওয়াশিংটনের সামরিক পরিকল্পনায় এর কোনো প্রভাব পড়েনি। ফলে অঞ্চলজুড়ে অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগ আরও গভীর হচ্ছে।