নিউজ রিপোর্ট: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সেনাদের ‘অত্যন্ত সাহসী’ ও ‘যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়ে তাদের ভূয়সী প্রশংসা করেছেন। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ভূমিকা নিয়ে তার আগের মন্তব্যকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘অপমানজনক ও ভয়াবহ’ বলে মন্তব্য করার একদিন পর শনিবার এই অবস্থান নেন ট্রাম্প। খবর রয়টার্সের।
এর আগে ট্রাম্প মন্তব্য করেছিলেন, আফগানিস্তানে ইউরোপীয় সৈন্যরা সম্মুখ সারিতে ছিল না। এই বক্তব্যের পর ব্রিটেনসহ ইউরোপজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং রাজনৈতিক ও সামরিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
আফগানিস্তান ছিল ১৯৫০-এর দশকের পর ব্রিটেনের সবচেয়ে ভয়াবহ বিদেশি যুদ্ধ। সেখানে ৪৫৭ জন ব্রিটিশ সেনা নিহত হন। দীর্ঘ সময় ধরে তারা দেশটির সবচেয়ে সহিংস প্রদেশ হেলমান্দে মিত্রবাহিনীর অভিযানের নেতৃত্ব দেন। পাশাপাশি ইরাকেও যুক্তরাষ্ট্রের প্রধান যুদ্ধক্ষেত্রে মিত্র হিসেবে লড়াই করেন ব্রিটিশ সেনারা।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যুক্তরাজ্যের মহান ও অত্যন্ত সাহসী সৈন্যরা সবসময় যুক্তরাষ্ট্রের পাশে থাকবে। তিনি আরও বলেন, আফগানিস্তানে নিহত ও আহত ব্রিটিশ সেনারা ছিলেন সকল যোদ্ধার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং দুই দেশের এই বন্ধন কখনো ভাঙার নয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শনিবার এ বিষয়ে ট্রাম্প ও স্টারমারের মধ্যে ফোনে কথা হয়েছে। স্টারমার বলেন, আফগানিস্তানে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা ব্রিটিশ ও মার্কিন সেনাদের আত্মত্যাগ কখনোই ভুলে যাওয়া উচিত নয়।
এদিকে ট্রাম্পের আগের মন্তব্যের নিন্দা জানিয়েছেন ব্রিটেনসহ বিভিন্ন দেশের সাবেক সেনা ও প্রবীণরা। তাদের মধ্যে ছিলেন প্রিন্স হ্যারি, যিনি আফগানিস্তানে দুটি সামরিক মিশনে অংশ নিয়েছিলেন।
