নিউজ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারি।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।”
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে একটি গণভোটও আয়োজন করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী আছেন ২৪৯ জন।
দলভিত্তিক হিসেবে বিএনপি ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন ২২৪টি আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছেন ২৫৩টি আসনে। জাতীয় পার্টি (জাপা) ১৯২টি আসনে প্রার্থী দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী রয়েছেন ৩২টি আসনে।
অন্যান্য দলের মধ্যে সিপিবির ৬৫ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ৩৯ জন, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪ জন, খেলাফত মজলিস ২১ জন, গণঅধিকার পরিষদ ৯০ জন, আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩০ জন, গণফোরাম ১৯ জন, গণসংহতি আন্দোলন ১৭ জন এবং নাগরিক ঐক্যের ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বিভিন্ন মহল থেকে উঠে আসছে।
