নিউজ রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতাপূর্ণ সামরিক পদক্ষেপে তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে দেবে না। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো হামলায় লজিস্টিক সহায়তাও দেবে না বলে পুনর্ব্যক্ত করেছে দেশটি।
সোমবার এক বিবৃতিতে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান আঞ্চলিক সংকট মোকাবিলায় সংলাপ, উত্তেজনা হ্রাস, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাই সবচেয়ে কার্যকর পথ। বিবৃতিতে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক উপায়কে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতির অবনতিকে কেন্দ্র করে গত মাসে দেশটির বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও এর সঙ্গে থাকা তিনটি ডেস্ট্রয়ার ভারত মহাসাগর পেরিয়ে ওমান উপসাগরের দিকে অগ্রসর হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে মোকাবিলায় সামরিক পদক্ষেপসহ সব বিকল্প বিবেচনায় রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।
এর প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণের জবাবে তারা দ্রুত ও ব্যাপক প্রতিক্রিয়া জানাবে।
উল্লেখ্য, গত জুনে মার্কিন সমর্থনে ইসরাইল ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধ শুরু করে। পরে তেহরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
