৫৪ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৫০ লাখ টাকা বিতরণ করল বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট

নিউজ রিপোর্ট: সিলেট বিভাগের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে ৫০ লাখ টাকা বিতরণ করেছে চ্যারিটেবল সংস্থা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (বিএসইটি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সিলেট সদর উপজেলার খাদিম পাড়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহিব উদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যৎ গড়ার কারিগরদের উৎসাহিত করা। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের এই উদ্যোগ সিলেট অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসইটি-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মুহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাসুদ রানা, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর, বিএসইটি-এর উপদেষ্টা সৈয়দ আব্দুল বাশার এবং বিসিএ-এর সাবেক সভাপতি পাশা খন্দকার ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিবাশীষ দেবনাথ এবং বিএসইটি-এর সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি সৈয়দ মুহিবুর রহমান, শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সার্কেল ২৫ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্সিয়াল মেম্বার শেখ ফারুক আহমেদ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সমাজকর্মী, ব্যবসায়ী এবং বিএসইটির ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এই সহায়তাকে শিক্ষার্থীদের জন্য বড় প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।