৫ আগস্টের পরিবর্তন ভুলে গেলে চলবে না, ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

নিউজ রিপোর্ট: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পরিবর্তন জাতিকে স্মরণ রাখতে হবে এবং সেই সময়ে যারা প্রাণ হারিয়েছেন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ত্যাগের ফলেই দেশ নির্বাচন পেয়েছে। তিনি নেতাকর্মী ও ভোটারদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশে নির্বাচনের সুযোগ এসেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। তিনি বলেন, “১৭ বছর আমি দেশে ছিলাম না। এখন দেশে এসে দেখি চারদিকে সমস্যা আর সমস্যা, মানুষের অনেক দাবি।”

কৃষিখাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরেন্দ্র প্রকল্প চালু করে এই অঞ্চলে বছরে তিন ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি করেছিলেন। কৃষকদের উন্নয়ন হলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। কৃষকদের খরচ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি ঘোষণা দেন, প্রত্যেক পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। এসব কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা, বিনামূল্যে সার, বীজ, কীটনাশক এবং কৃষিঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

খেলাধুলার উন্নয়নে স্কুল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের মাসিক সম্মানীর ব্যবস্থা করার কথাও বলেন।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, সবাই যেন ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোট দেন এবং ভোট কেন্দ্র পাহারা দেন, যাতে ভোট ছিনতাইয়ের কোনো সুযোগ না থাকে।

উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রাজশাহীর জনসভা শেষে সড়ক পথে নওগাঁ পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ডা. জোবাইদা রহমান। সভাস্থল ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন।

সভায় নওগাঁ ও জয়পুরহাটের মোট আটজন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি এবং তাদের পক্ষে ভোট চান। নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।