ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট পুনরায় চালুর দাবিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদলের বৈঠক

নিউজ রিপোর্ট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বাতিল ও রুটটি পুনরায় চালুর দাবিতে যুক্তরাজ্য প্রবাসী ও ইউকে বিএনপির একটি প্রতিনিধিদল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে এ সংক্রান্ত একটি লিখিত পিটিশন হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে প্রতিনিধি দলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদল জানায়, সিলেট–ম্যানচেস্টার রুটটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এই রুট বন্ধ হলে বয়স্ক যাত্রী, রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীদের যাতায়াতে বড় ধরনের ভোগান্তি তৈরি হবে। তারা দাবি করেন, প্রবাসীরা প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তাই সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত অর্থনৈতিক ও মানবিক উভয় দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলবে।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, বিষয়টি প্রধান উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্যোগ নেওয়া হবে।

প্রতিনিধিদল চার দফা দাবি তুলে ধরে। এগুলো হলো— সিলেট–ম্যানচেস্টার রুটে অন্তত সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পুনর্বহাল, ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বাতিল, অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি রোধে নজরদারি এবং প্রবাসীদের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি বিমান যোগাযোগ পরিকল্পনা প্রণয়ন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রতিনিধি দলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনসহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। কিছু সদস্য অনলাইনে যুক্ত ছিলেন।