ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নিউজ রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে দায়িত্ব পেলে সর্বপ্রথম নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে। তিনি বলেন, মায়েদের স্বার্থ রক্ষায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৬ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন সময়ে কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ এটিকে মায়েদের ঘরবন্দী করার পরিকল্পনা হিসেবে তুলে ধরছে, যা সঠিক নয়।

তিনি বলেন, বিভিন্ন দল বেকার ভাতা ও নানা ধরনের কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তবে জামায়াত সে পথে হাঁটবে না। তার ভাষায়, মানুষ ভাতা নয়, কাজ চায়। যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করাই হবে অগ্রাধিকার।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে জামায়াত আমির বলেন, শহীদ ও আহতদের আত্মত্যাগের ধারাবাহিকতা রক্ষা করা সবার দায়িত্ব। তিনি আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

স্থানীয় সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পল্লবী–রূপনগর এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করা হবে। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

সভায় তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ছে, যা দেখে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে ঢাকা–১৬ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং আগামী ১২ তারিখের নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।