নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশের ৫৭ জন প্রতিনিধি, আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রায় ৪০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য অন্তত ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপাক্ষিক পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। ইতোমধ্যে এসব দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েকশ পর্যবেক্ষকও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে অংশ নেবেন।

দ্বিপাক্ষিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে মালয়েশিয়া সর্বাধিক ১৪ জন প্রতিনিধি পাঠাচ্ছে। তাদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। তুরস্ক থেকে আসছেন ১২ জন পর্যবেক্ষক, যাদের মধ্যে দেশটির সংসদ সদস্যরাও রয়েছেন। তুরস্কের দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

এছাড়া পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে— ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), ফিলিপাইন (২), জর্ডান (২), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২), শ্রীলঙ্কা (১), ইরান (১) ও উজবেকিস্তান (১)।

উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।

নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। খুব শিগগিরই আরও কয়েকটি দেশ তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডো। ১৪ সদস্যের এই দলে রয়েছেন মালদ্বীপের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। তার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য থাকবেন, যাদের মধ্যে রয়েছেন অস্ট্রিয়া, রোমানিয়া, চেকিয়া, স্পেন, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রতিনিধিরা।

এবারের নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।