সাউথএন্ডে কার্যক্রম বন্ধ করল উবার, অপারেটর লাইসেন্স স্বেচ্ছায় কাউন্সিলে জমা দিল প্রতিষ্ঠানটি

নিউজ রিপোর্ট: যুক্তরাজ্যের এসেক্সের সাউথএন্ড শহরে কার্যক্রম শুরুর পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ট্যাক্সি রাইড প্রতিষ্ঠান উবার। কোম্পানিটি তাদের প্রাইভেট হায়ার অপারেটর লাইসেন্স স্বেচ্ছায় জমা দিয়েছে বলে নিশ্চিত করেছে সাউথএন্ড কাউন্সিল।

কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর লাইসেন্সিং সাব-কমিটি আনুষ্ঠানিক আবেদন যাচাই করে উবারকে লাইসেন্স প্রদান করেছিল। তবে লাইসেন্স পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই প্রতিষ্ঠানটি তা সমর্পণের সিদ্ধান্ত জানায়।

সাউথএন্ড কাউন্সিলের নেতা ড্যানিয়েল কাওয়ান বলেন, শহরে ব্যবসা পরিচালনায় কাউন্সিল সবসময় আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানায়। কিন্তু সকল অপারেটরকে নির্ধারিত নিয়ম ও নিরাপত্তা শর্ত মেনে চলতে হবে। শর্ত না মানলে কোনো প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

২০১৮ সালের পর এই প্রথমবার সাউথএন্ডে কার্যক্রম চালুর অনুমতি পেয়েছিল উবার। অনুমোদনের পর প্রতিষ্ঠানটি চালক নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছিল। তবে হঠাৎ লাইসেন্স ছেড়ে দেওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

কমিউনিটি সেফটি ও রেগুলেটরি সার্ভিসেস বিষয়ক কাউন্সিলর মার্টিন টেরি বলেন, লাইসেন্সিং সাব-কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম মেনে পেশাদারভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আবেদন পর্যালোচনার সময় প্রয়োজনীয় শর্ত যুক্ত করা হয়েছে। সামনে ট্যাক্সি ও প্রাইভেট হায়ার নীতিমালা পর্যালোচনার সময় এ নিয়ে আরও আলোচনা হবে।

কাউন্সিল জানিয়েছে, ভবিষ্যতেও নতুন প্রাইভেট হায়ার অপারেটরদের আবেদন গ্রহণ করা হবে, তবে সবার জন্য একই মানদণ্ড প্রযোজ্য থাকবে।