গণতন্ত্র প্রতিষ্ঠায় ১২ তারিখ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের

নিউজ রিপোর্ট: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিল, ঠিক সেভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ তারিখ সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আসন্ন ১২ তারিখের নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্য অর্জনে জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ কীভাবে চলবে আর কীভাবে চলবে না, দেশে কী হবে আর কী হবে না—এসব সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক এ দেশের জনগণ।

তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।