টাকা পাচারকারীদের ঘুম হারাম করে অর্থ দেশে ফিরিয়ে আনা হবে: জামায়াত আমির

নিউজ রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সময়ে প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এবং এই অর্থ অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে। এ ক্ষেত্রে কোনো আত্মীয়তা, দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনায় নেয়া হবে না। শুধু অর্থ নয়, অর্থ পাচারের সঙ্গে জড়িতদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করতে দেয়া হবে না। যারা দেশের সম্পদ লুট করেছে, তাদের ঘুম হারাম করে দেয়া হবে।

জামায়াত আমির বলেন, এবারের নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, এটি দেশ গড়ার নির্বাচন। জনগণের প্রবল চাপেই দেশে পরিবর্তনের ঢেউ উঠেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ও আন্দোলনের মাধ্যমে জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলেও তিনি মন্তব্য করেন।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ও সদর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং মুক্তাগাছা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মঞ্জরুল ইসলাম ভূঁইয়া এবং ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম।