ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে নারী ভোটারদের ভোটাধিকার রক্ষায় সরব থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে তিনি বলেন, ফজরের নামাজ জামাতে আদায় করে ভোটের লাইনে দাঁড়াতে হবে। শুধু ভোট দিয়ে চলে গেলে হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ অন্যের ভোট দিতে না পারে।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ করা হবে এবং পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ১৫ বছরে যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে রাজপথ ও ভোটকেন্দ্রে নামতে হবে।
সমাবেশে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হবে, যা কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। এখনো কিছু ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। এই পরিস্থিতির আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, দেশ কোনো দলের বা ব্যক্তির নয়, দেশ জনগণের।
