নির্বাচন ঘিরে ভারত আবারও ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র করছে। ওই দেশের কূটনীতিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, যা নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি অভিযোগ করেন, অতীতেও আওয়ামী লীগের ভোট কারচুপির নির্বাচনকে ভারত সমর্থন দিয়েছে এবং এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে। এ বিষয়টি আড়াল করতে নানা জায়গায় টাকা খরচ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে পুরো নির্বাচনী পরিবেশ নষ্ট করা হয়েছে। এতে জনগণের মধ্যে হতাশা বাড়ছে এবং সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা পালনের দাবি জানান।