লন্ডন, ৪ ফেব্রুয়ারি: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি রেস্তোরাঁয় বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, হাজী বুলু মিয়া, হিরু কোরেশী, ইলিয়াছ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের গ্রেটারক্স স্ট্রিটস্থ মাইক্রো বিজনেস পার্কে বঙ্গবীর এম এ জি ওসমানীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে মাননীয় হাই কমিশনার, নির্বাহী মেয়র, স্পিকার, কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা এবং কমিউনিটি নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অনুষ্ঠানটি সফল করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
