সুইডেনের জালে পাঁচ গোল, দাপুটে জয় তুলে নিল নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস নকআউট পর্বের আশা আরও শক্তিশালী করে সুইডেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রায়ান ব্রোবে ও কোডি গাকপো জোড়া গোল করে ডাচদের দুর্দান্ত জয় এনে দেন। শেষ মুহূর্তে একটি গোল যোগ করেন সামারভিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। মাত্র ৫ মিনিটেই কোডি গাকপোর নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রায়ান ব্রোবে। ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন এই তরুণ স্ট্রাইকার। প্রথমার্ধের শেষ দিকে সুইডেন একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

বিরতির পরও ডাচদের দাপট অব্যাহত থাকে। ৪৭ মিনিটে ডামফ্রিসের পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন কোডি গাকপো। মাত্র সাত মিনিট পর দুর্দান্ত এক শটে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন লিভারপুল ফরোয়ার্ড।

চার গোল পিছিয়ে পড়ার পর ৫৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুইডেনের হয়ে ব্যবধান কমান অ্যান্তনি এলেঙ্গা। তবে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ম্যাচের ৮৯ মিনিটে সামারভিল গোল করে নেদারল্যান্ডসের ৫-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

এর আগের ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস। ফলে নকআউট পর্বে টিকে থাকার লড়াইয়ে এই জয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে, এই ম্যাচে হারলেও আগের খেলায় তিউনিশিয়াকে ৫-১ গোলে হারানোর সুবাদে নকআউটে ওঠার আশা এখনও বাঁচিয়ে রেখেছে সুইডেন।

নেদারল্যান্ডস তাদের পরবর্তী ম্যাচে আগামী ২৫ জুন তিউনিশিয়ার মুখোমুখি হবে।