লন্ডন | কে এম আবু তাহের চৌধুরী:
রয়েল লন্ডন হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন শিশু আয়েশা আলিয়া সিদ্দিকের জীবন রক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক সমাজ এবং কমিউনিটির প্রতি জরুরি আহ্বান জানিয়েছে ‘সেইভ বেবি আয়েশা আলিয়া সিদ্দিক ক্যাম্পেইন কমিটি’।
বুধবার পূর্ব লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটস্থ লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশু আয়েশার পিতা আকবর বিন সিদ্দিক। এ সময় বক্তব্য দেন সলিসিটর ইমতিয়াজ হোসেইন এবং শিশু আয়েশার মা মরিয়ম আক্তার রোবিনা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৩০ এপ্রিল ২০২৬ সালে জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে রয়েল লন্ডন হাসপাতালে আয়েশা আলিয়া সিদ্দিকের জন্ম হয়। আয়েশার জন্মের আগে হাসপাতালের নিওনেটাল বিভাগের কিছু অবহেলা ও গাফিলতির বিষয় লক্ষ্য করা গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
বর্তমানে শিশু আয়েশা নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসকরা ভেন্টিলেশন খুলে দেওয়ার বিষয়ে চিন্তা করছেন এবং এ ব্যাপারে অভিভাবকদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে আয়েশার বাবা-মা এখনো এ সিদ্ধান্তে সম্মতি দেননি। তাদের আশঙ্কা, এই মুহূর্তে ভেন্টিলেশন সরিয়ে নেওয়া হলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিশু আয়েশার জীবন রক্ষায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করে উন্নত চিকিৎসা অব্যাহত রাখতে হবে। তারা ভেন্টিলেশন সাপোর্ট অব্যাহত রেখে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাজ্যের বাইরে ইউরোপের কোনো বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের বিষয়ও বিবেচনা করা উচিত। তারা অতীতে আলোচিত শিশু তাফিদা রাকিবের চিকিৎসার উদাহরণ উল্লেখ করে আয়েশার ক্ষেত্রেও সর্বোচ্চ চিকিৎসা সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শিশু আয়েশার সুচিকিৎসা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীর কাছে শিশুটির সুস্থতা ও জীবন রক্ষার জন্য দোয়া কামনা করা হয়।
