আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের জন্য ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘Smart Election Management BD’ অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে।
এছাড়া এই অ্যাপ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা, নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নির্বাচনের ফলাফলও জানা যাবে। ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিরাও সহজে নির্বাচন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
অ্যাপটি একবার ইনস্টল করার পর জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিলে সংশ্লিষ্ট ভোটারের যাবতীয় তথ্য পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে বর্তমানে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোটার আইডি নম্বর, নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর এবং প্রার্থীদের প্রতীকসংক্রান্ত তথ্য।
নির্বাচন কমিশনের মতে, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে ভোটারদের ভোগান্তি কমবে এবং নির্বাচন সংক্রান্ত তথ্য আরও সহজ ও স্বচ্ছভাবে জানা সম্ভব হবে।
