যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ানই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ানে অস্ত্র পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন শি জিনপিং।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ফোনালাপে শি জিনপিং বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং এর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিং আপসহীন অবস্থানে থাকবে।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ একাধিক পশ্চিমা নেতার চীন সফরের পর ট্রাম্প ও শির মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। এর আগে শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ভার্চ্যুয়াল বৈঠক করেন।
ফোনালাপে শি জিনপিং আরও জানান, আগামী এপ্রিল মাসে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এ সফরের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। উল্লেখ্য, সর্বশেষ গত নভেম্বরে ট্রাম্প ও শির মধ্যে কথোপকথন হয়েছিল। সে সময় ট্রাম্পকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন শি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি বাংলা
