নিউজ রিপোর্ট: আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিভিন্ন সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন এবং ধমকির সুরে কথা বলেছেন। এ ধরনের ঘটনার মধ্যে সিলেট-১ আসন এবং কক্সবাজারে জামায়াতের সিনিয়র নেতা ড. হামিদুর রহমান আযাদের নির্বাচনী এলাকা উল্লেখযোগ্য বলে তিনি দাবি করেন।
প্রিসাইডিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সারা দেশে নিয়োজিত কতিপয় প্রিসাইডিং কর্মকর্তা ভোট সংশ্লিষ্টদের হুমকি-ধমকি দিচ্ছেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা তুলে ধরা হয়, যার মধ্যে ঢাকা-১ আসনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেলের এক্স (টুইটার) হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় সন্দেহভাজন রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে বলে তথ্য রয়েছে। একই সঙ্গে আটক কর্মকর্তার মুক্তির দাবিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এসব ঘটনা ভবিষ্যতে আরও বড় ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সম্প্রতি দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের ঘটনা বেড়েছে। এসব ঘটনার শিকার হচ্ছেন ব্যবসায়ী, নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়েও উদ্বেগ জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার করছে, যার মধ্যে যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের বাড়ি থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনাও রয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে এবং নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় এ ধরনের একটি ঘটনায় বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ উপস্থিত ছিলেন।
এদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় একটি গোয়েন্দা সংস্থা থেকে মিডিয়ায় স্ক্রিপ্ট সরবরাহ করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বিষয়টি তারা বিশ্বস্ত সূত্র থেকে জেনেছেন।
তিনি আরও বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিং কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। এ বিষয়ে তাদের কাছে তথ্য-উপাত্ত রয়েছে এবং সময়মতো সব প্রকাশ করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি এ বিষয়ে দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
