আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিস নেতারা

নিউজ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এসব ভাষণ সম্প্রচার করা হবে।

জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে রাত ৯টায় ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে ভাষণ দেন। দুটি ভাষণই বিটিভি সরাসরি সম্প্রচার করে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।