সুনামগঞ্জের ছাতকে জামায়াতের নির্বাচনি সমাবেশ, জনসমুদ্রে রূপ নেয় সমাবেশস্থল

নিউজ রিপোর্ট: সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বেবিষ্ট্যান্ডে সোমবার বিকাল ৩টায় ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দিলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় ভরে ওঠে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলগুলো বেবিষ্ট্যান্ড এলাকায় এসে মিলিত হলে পুরো এলাকা দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী বলেন, দেশের মানুষ অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে। উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হলো দাঁড়িপাল্লা।

তিনি আরও বলেন, ছাতক-দোয়ারাবাজার এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। নির্বাচিত হলে তিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

নিজের নির্বাচনি অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী বলেন, ছাতক-দোয়ারাবাজারে পৃথক মহিলা কলেজ স্থাপন, জরাজীর্ণ ছাতক পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর, দক্ষিণ ছাতকে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষার সম্প্রসারণ এবং নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম বলেন, অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী একজন সুপ্রতিষ্ঠিত শিক্ষাগুরু। তিনি মদীনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেও দেশের শিক্ষা ব্যবস্থায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এমন একজন আলেমে দ্বীন নির্বাচিত হলে এই অঞ্চলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আকবর আলী-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন-এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালীম, সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শাহীন আহমদ, সুনামগঞ্জ জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মোঃ শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সেক্রেটারি মাওলানা আলমাছ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, সিলেট মহানগর জামায়াতের সুরা সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যপ্রবাসী নেতৃবৃন্দ এবং ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আফজাল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন জামায়াতের পৌর আমীর প্রকৌশলী নোমান আহমদ। সমাবেশ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির-এর মোনাজাতের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।