ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েক দিনে প্রকাশিত একাধিক জরিপে সম্ভাব্য ফল নিয়ে নানা আলোচনা চলছে। এসব জরিপের বেশিরভাগেই বিএনপি জয়ের পথে এগিয়ে রয়েছে বলে দেখানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের অংশগ্রহণে পরিচালিত স্বতন্ত্র অনলাইন জরিপ ‘জেন-জেড ব্যালট’-এর ফল প্রকাশ করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের আকাঙ্ক্ষা ও প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশ্যে ১ ফেব্রুয়ারি থেকে ১০ দিনব্যাপী এ জরিপ পরিচালিত হয়। এতে মোট ৪৬ হাজার ৬২৬ জন ভোটার অংশ নেন।
জরিপের ফলাফলে দেখা গেছে, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১৯০টি আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যা একক সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দলটি পেয়েছে ৫১টি আসন। এছাড়া ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। খেলাফতে মজলিশ ৫টি আসনে সম্ভাব্য জয় দেখিয়েছে জরিপে।
অন্যদিকে ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিনটি করে আসনে এগিয়ে রয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
তবে এটি একটি স্বতন্ত্র অনলাইন জরিপ, যা আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল নয়।
