ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সাজানো নাটক’ বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকায় একজন বয়স্ক দায়িত্বশীল নেতাকে আটক করে জামায়াতকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ করেন।
তিনি বলেন, আটকের পর মানসিক নির্যাতনের কারণে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে তার মুক্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জুবায়ের বলেন, সংশ্লিষ্ট নেতা নিজেই জানিয়েছেন ব্যাংক বন্ধ থাকায় লেনদেনের জন্য তার সঙ্গে কিছু নগদ অর্থ ছিল। একজন ব্যবসায়ী হিসেবে ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে টাকা বহন করা অস্বাভাবিক নয় এবং এটি কোনো অপরাধও নয় বলে দাবি করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াত সব কর্মকাণ্ড স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করে। কিন্তু দলের জনপ্রিয়তায় রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের যোগসাজশে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
এ সময় অতীতের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মেহেরপুর সফরের সময় জেলা আমিরের গাড়িতে অস্ত্র উদ্ধারের অভিযোগ আনা হলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়। নির্বাচনকে প্রভাবিত করার জন্য কেউ ‘ফ্যাসিবাদী আচরণ’ করলে তা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে আরও অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ও সমর্থকদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে এবং নারী কর্মীদেরও বাধা দেওয়া হচ্ছে। প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলেও দাবি করেন জুবায়ের। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
