লন্ডন প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জের হাওরে প্রবাসী বোরহান উদ্দিন শফিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পূর্ব লন্ডনে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাস্টিস ফর বোরহান’ ক্যাম্পেইন কমিটি ইউকের উদ্যোগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মারডেল স্ট্রিটস্থ মাদানী গার্লস স্কুলে এ সমাবেশ হয়।
ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং কমিউনিটি সংগঠক আবু সুফিয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা রফিক উল্লাহ রফিক, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক রহমত আলী, ফয়েজ আহমদ, অধ্যাপক আব্দুল হাই, সাবেক কাউন্সিলর শাহ আলম এবং যুব নেতা আনোয়ার খানসহ অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশে যাওয়ার তিন দিনের মাথায় প্রবাসী বোরহান উদ্দিন শফিকে নৃশংসভাবে হত্যা করা হলেও দুই সপ্তাহ পার হলেও পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি, যা উদ্বেগজনক। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত বিচার না হলে দেশে ও বিদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
