অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
ঘড়ির কাঁটা ১২টা বাজার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপ্রধান শহীদ মিনারের বেদীর দিকে এগিয়ে যান এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি নীরবে দাঁড়িয়ে সম্মান জানান। এরপর রাত ১২টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপরিবারে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন এবং রাত ১২টা ৭ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজতে থাকে।
এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
পরে জাতীয় সংসদের মন্ত্রিপরিষদের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাত ১২টা ১৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বায়ান্নোর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের শহীদ ও গাজীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
