প্রথমবারের মতো ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকার শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষ থেকে অংশ নেন দলের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তিতে জানায়, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১-দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ভাষা শহিদদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
