কোরআানের পাখি আবু রায়হানকে নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের হৃদয়ছোঁয়া ইফতার আয়োজন

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ব্যতিক্রমী ও আবেগঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘কোরআানের পাখি’ নামে পরিচিত কিশোর হাফেজ ক্বরী আবু রায়হান। তাঁর সুমধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত ও অনুপ্রেরণামূলক উপস্থিতি পুরো অনুষ্ঠানে এনে দেয় এক আধ্যাত্মিক আবহ।
রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট খ্যাত কোতারায়ার একটি হোটেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। শুরুতেই পবিত্র কোরআন সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করেন আবু রায়হান। তাঁর তিলাওয়াত উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় এবং মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে স্নিগ্ধ ও প্রশান্তিময়।
আয়োজক প্রবাসী আবুল কালাম জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে সুদৃঢ় করতেই এ আয়োজন। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে কোরআনের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে আবু রায়হানের মতো তরুণ হাফেজদের সামনে আনা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
ইফতার মাহফিলে উপস্থিত প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল বলেন, আবু রায়হান শুধু একজন হাফেজ নন, তিনি কোরআনের আলো ছড়িয়ে দেওয়া এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অর্জন ও সাধনা প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য অনুকরণীয়। প্রবাসী কাজল ও মোরশেদ আলম বলেন, প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে পরিবার ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কোতারায়া বাংলা মসজিদের খতিব হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে রমজানের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে খতিব তার বক্তব্য বলেন, প্রবাসে থেকেও দেশের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে হবে।
আবু রায়হান মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আমি এই প্রথম প্রবাসে তারাবির নামাজ পড়াচ্ছি। পবিত্র রমজান মাস পুরোটাই আপনাদের সাথে আছি। আপনাদের পাশে থেকে আমার খুব ভাল লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়াকরব। যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের রোজি রোজগারে বরকত দান করে।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের সার্বিক উন্নতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা খতিব হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। মুনাজাতের সময় অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করবে।
সব মিলিয়ে, কোরআানের পাখি আবু রায়হানকে ঘিরে মালয়েশিয়ায় প্রবাসীদের এই ইফতার আয়োজন হয়ে উঠেছিল এক অনন্য মিলনমেলা—যেখানে ধর্মীয় অনুপ্রেরণা, ভালোবাসা ও প্রবাসী ঐক্যের এক উজ্জ্বল চিত্র ফুটে ওঠে।
হাফেজ ক্বারী আবু রায়হান বাংলাদেশের একজন বিশ্বজয়ী কুরআন তিলাওয়াতকারী (ক্বারী) এবং হাফেজ । তিনি আন্তর্জাতিক অঙ্গনে একাধিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে গৌরব বয়ে এনেছেন।
২০০৫ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বল্লবদী গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বল্লবদী আল-ইসলাহ একাডেমী ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে শিক্ষা লাভ করেন ।
আন্তর্জাতিক সাফল্য
২০১৮ সালে কাতারের টেলিভিশন চ্যানেল ‘জিম টিভি’ আয়োজিত তিজান আন-নূর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন।
২০২৪ সালে আফ্রিকার সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে তিনি প্রথম স্থান অধিকার করেন।
বর্তমানে তিনি রমজানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন।
তিনি মালয়েশিয়ার জাতীয় মসজিদে (মসজিদ নেগারা) আজান দিয়েও প্রশংসা কুড়িয়েছেন।
তিনি তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত কুরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীত শেয়ার করেন।