দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলের বিমান হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান উত্তেজনা শুরুর পর থেকে দেশজুড়ে এখন পর্যন্ত মোট ৭৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৩ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন এক হাজার ৯০০–এর বেশি মানুষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ হামলাটি দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থিত বুর্জ কালাওইয়াহ হেলথ কেয়ার সেন্টারে আঘাত হানে। এতে নিহত ১২ জনের মধ্যে চিকিৎসক, নার্স এবং জরুরি সেবাকর্মী (প্যারামেডিক) ছিলেন।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের এই সংখ্যা প্রাথমিক এবং ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন নিখোঁজ ব্যক্তিকে খোঁজার কাজ চলছে।
একজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে পৃথক পৃথক বিমান হামলাগুলো অত্যন্ত প্রাণঘাতী হয়ে উঠেছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতেও ধারাবাহিকভাবে বিমান হামলার ঘটনা ঘটছে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
