তুচ্ছ বিরোধে লাখাইয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৮০ টাকা না ৩০ টাকা পাওনা—এমন তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নেন রওশন মিয়া। জালালের দাবি, রওশনের কাছে তার পাওনা ১৮০ টাকা। তবে রওশন মিয়ার দাবি, তার দেনা মাত্র ৩০ টাকা। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে আগে হাতাহাতির ঘটনাও ঘটে।

এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে গ্রামের একটি মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, দোকানের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।