ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ তথ্য জানান।
স্প্যানিশ সংবাদপত্র El País সামরিক সূত্রের বরাত দিয়ে প্রথম এ খবর প্রকাশ করে। পরে মাদ্রিদে সাংবাদিকদের রোব্লেস বলেন, ইরান যুদ্ধসংক্রান্ত কোনো অভিযানের জন্য স্পেন তার সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না।
প্রতিবেদনে আরও বলা হয়, আকাশসীমা বন্ধ থাকায় সংশ্লিষ্ট সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে স্পেন এড়িয়ে চলতে হচ্ছে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
এ বিষয়ে স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে অংশগ্রহণ বা কোনো ধরনের অবদান না রাখার সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি রেডিও Cadena SER-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতোমধ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র বিরোধিতা করেছেন। তিনি এসব হামলাকে বেপরোয়া ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন।
সূত্র: রয়টার্স
