ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জাতীয় স্বার্থ ও শর্ত পূরণ হলেই চলমান যুদ্ধের অবসান ঘটানো হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের সচেতন উপস্থিতি ও ঐক্যই বর্তমান সংকট মোকাবিলার অন্যতম প্রধান শক্তি।
সোমবার তার সভাপতিত্বে ইরানের মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা, জরুরি সেবা কার্যক্রম এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতি ও কার্যক্রম পর্যালোচনা করা হয়।
বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা, জনসাধারণের সেবা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেবামূলক সংস্থাগুলো জনগণের জন্য সেবা অব্যাহত রাখা এবং বাজার স্থিতিশীল রাখার বিষয়ে তাদের গৃহীত পদক্ষেপ তুলে ধরে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান সংকটময় সময়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল খাতের প্রশংসা করেন। তিনি বলেন, আগ্রাসন মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং সেবাপ্রদান চালু রাখা জাতীয় সক্ষমতার মূল ভিত্তি।
তিনি আরও বলেন, শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আক্রমণের জবাব দিতে সশস্ত্র বাহিনীর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি, যা জাতির ইতিহাসে একটি ‘সোনালী অধ্যায়’ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন।
প্রেসিডেন্ট বলেন, গত এক মাস ধরে ইসলামি ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে ইরানি জনগণ যে ঐক্য ও সচেতনতা দেখিয়েছে, তা নজিরবিহীন। তিনি উল্লেখ করেন, এই ঐক্যই দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণে সহায়তা করবে।
যুদ্ধের অবসান প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সম্মান, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখার শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধ শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
