পূর্বশর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করতে পারে ইরান

লন্ডন বাংলা টাইমস | অনলাইন:
ইরানের দেওয়া পূর্বশর্তগুলো পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনা বাতিল হতে পারে বলে জানিয়েছেন দেশটির একটি রাষ্ট্রীয় সূত্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আইআরআইএনএনের এক সাংবাদিক ইসলামাবাদ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সাংবাদিক জানান, ইরানের স্বার্থ, দাবি এবং নির্ধারিত ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা পূরণ না হলে আলোচনা থেকে সরে আসাকেই তেহরান ‘সাফল্য’ হিসেবে বিবেচনা করতে পারে। ইরানি কর্মকর্তারা এই অবস্থানকে ‘জোরালো কূটনীতি’ হিসেবে উল্লেখ করছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ওয়াশিংটনের প্রতি গভীর আস্থাহীনতার বিষয়টি তুলে ধরছে এবং তেহরানের নিজস্ব শর্ত পূরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে নিজেদের কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলেও মনে করছে ইরান।

বিশ্লেষকদের মতে, ইরানের দাবিগুলো পূরণ না হলে দেশটি আলোচনায় না গিয়েই বিকল্প পদক্ষেপ নিতে পারে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

সূত্র: বিবিসি