সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বর্ণি সবরি খাল খনন কাজের উদ্বোধন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।
অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার খাল খনন করা হবে, যা গিলে কাটাগাংয়ের সঙ্গে সংযুক্ত হবে। ৪৩ দিনব্যাপী এই কর্মসূচিতে প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে ২১৪ জন শ্রমিক কাজ করবেন। শ্রমিকদের পাশাপাশি ভেকু মেশিন ব্যবহার করেও খনন কাজ পরিচালিত হবে।
প্রায় ৯৩ লাখ টাকার এই প্রকল্পের একটি বড় অংশ ব্যয় হবে অতিদরিদ্র শ্রমিকদের মজুরি হিসেবে, যা তাদের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুবুল, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।
