বজ্রপাতে ৭ জেলায় নিহত ১২

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিনভর পটুয়াখালী, জামালপুর, বরগুনা, ময়মনসিংহ, বাগেরহাট, রংপুর ও রাজবাড়ীতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। পাশাপাশি পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গত দুই দিনে বজ্রপাতে অর্ধশতাধিক গরুর মৃত্যুর তথ্য মিলেছে।

পটুয়াখালীতে নিহত ৪

পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাঙ্গাবালীর চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদার (২২), কলাপাড়ার তারিকাটা গ্রামের জহির উদ্দিন (২৮), পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগম (৫৫) এবং শান্তিপুর গ্রামের খালেক হাওলাদার (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেউ মাঠে গরু বাঁধতে গিয়ে, কেউ ভুট্টাক্ষেতে কাজ করার সময়, আবার কেউ গরুকে ঘাস খাওয়াতে বা মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

এছাড়া রাঙ্গাবালী ও কলাপাড়াসহ জেলার বিভিন্ন এলাকায় গত দুই দিনে অন্তত ৫০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম, রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুরে দুইজনের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় শামীম মিয়া (৩৫) ও সাগর ইসলাম (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মরাকান্দি ও ইন্দুল্লামারী গ্রামে এ ঘটনা ঘটে।

শামীম নদীতে মাছ ধরতে গিয়ে এবং সাগর রাস্তার কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।

ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ূম গাজী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বরগুনায় জেলে ও কৃষকের মৃত্যু

বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলায় বজ্রপাতে আল-আমীন নামে এক জেলে এবং নূরজামান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, নিহত কৃষকের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছে।

ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে প্রাণহানি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তারাকান্দা থানার ওসি তানবীর আহমেদ জানান, সকালে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাটে দিনমজুর নিহত

বাগেরহাট সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুরে গৃহবধূর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া গ্রামে বাড়ির পাশে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, ঘটনাটি জানার পর পুলিশ নিহতের বাড়িতে গেছে।

রাজবাড়ীতে শিশুকন্যাকে কোলে নিয়ে বের হয়ে প্রাণ গেল বাবার

রাজবাড়ীর সদর উপজেলার মজ্জৎকোল গ্রামে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্বজনদের ভাষ্য, সকালে সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাজারে যাওয়ার পথে বজ্রপাত হলে সুমন মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ রয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।