উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিনে ছুরিকাঘাতে দুই ইহুদি আহত, ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলছে পুলিশ

উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ। হামলায় আহত দুজন হলেন স্থানীয়ভাবে পরিচিত শিলোমে র্যান্ড (৩৪) এবং মোশে শাইন (৭৬)।

পুলিশ জানিয়েছে, আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশ এক সন্দেহভাজনকে টেজার ব্যবহার করে আটক করে। আটক ব্যক্তি ৪৫ বছর বয়সী একজন ব্রিটিশ নাগরিক, যিনি সোমালিয়ায় জন্মগ্রহণ করেছেন। তাকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঘটনাকে “ভয়াবহ ইহুদিবিদ্বেষী হামলা” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমাদের ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা মানে ব্রিটেনের ওপর হামলা।”

সম্প্রতি যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনার মধ্যে এটি নতুন উদ্বেগ তৈরি করেছে। পুলিশ ঘটনাটির পেছনের উদ্দেশ্য এবং সম্ভাব্য জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে।

সূত্র বিবিসি