লন্ডনের কেন্দ্রস্থল কোভেন্ট গার্ডেনে ছুরিকাঘাতের ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ৪৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এন্ডেল স্ট্রিটে ছুরিকাঘাতের খবর পেয়ে জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আহত চার ব্যক্তির বয়স যথাক্রমে ৩৪, ৩৯, ৪২ ও ৫২ বছর। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের আঘাত জীবনহানিকর বা স্থায়ীভাবে জীবন পরিবর্তনকারী নয় বলে ধারণা করা হচ্ছে। অপর দুই ব্যক্তি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
ঘটনার পর ওই নারীকে আক্রমণাত্মক অস্ত্র বহন এবং হামলার সন্দেহে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে এক জোড়া কাঁচি উদ্ধার করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট জেসন স্টুয়ার্ট বলেন, ঘটনার বিষয়ে একাধিক প্রতিবেদন পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বর্তমানে পুলিশ মনে করছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর সঙ্গে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে। তদন্ত চলাকালে এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বজায় রাখা হবে বলেও জানান তিনি।
জরুরি সেবার অংশ হিসেবে লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স কাছের ট্রাফালগার স্কয়ারে অবতরণ করে। তবে আহত চারজনকেই সড়কপথে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর হাই হোলবর্ন থেকে শুরু করে এন্ডেল স্ট্রিটের সেন্ট মাঙ্গোস গৃহহীন সহায়তা কেন্দ্র পর্যন্ত পুলিশি নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছিল। পরে সেটি তুলে নেওয়া হয়।
সেন্ট মাঙ্গোসের এক মুখপাত্র জানান, এ ঘটনায় তাদের প্রতিষ্ঠানের কেউ জড়িত কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি তাদের সহমর্মিতা রয়েছে এবং তারা ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শী ম্যাট বিশপ জানান, তিনি এক নারীকে তিন পুলিশ কর্মকর্তার সঙ্গে মুখোমুখি অবস্থায় দেখতে পান এবং ওই নারীকে একটি অস্ত্র নাড়াতে দেখা যায়। তবে তিনি ছুরিকাঘাতের ঘটনাটি সরাসরি দেখেননি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি
