লন্ডনের টাওয়ার হ্যামলেটসে অ্যাসপায়ারের যুগান্তকারী ইশতেহার ঘোষণা

লন্ডন প্রতিনিধি:
লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে অ্যাসপায়ার পার্টির ঘোষিত নতুন ইশতেহার। দলটি আজ তাদের “গ্রাউন্ডব্রেকিং” বা যুগান্তকারী পরিকল্পনা প্রকাশ করে জানিয়েছে, তারা ক্ষমতায় এলে টাওয়ার হ্যামলেটসকে দেশের প্রথম বরো হিসেবে গড়ে তুলবে, যেখানে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য ফ্রি টিউব, বাস ও ওভারগ্রাউন্ড ভ্রমণ সুবিধা চালু করা হবে।

নতুন ইশতেহারে আরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দ্বিতীয় মেয়াদের শেষ নাগাদ ১২ হাজার সাশ্রয়ী ও সামাজিক আবাসন নির্মাণ করা হবে। পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোকে নবজাতক শিশুর খরচে সহায়তা দিতে চালু করা হবে “টাওয়ার হ্যামলেটস প্রেগন্যান্সি পেমেন্ট”।

ডিজিটাল বৈষম্য দূর করতে দরিদ্র পরিবারের তরুণদের মাঝে ল্যাপটপ বিতরণের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে কম আয়ের পরিবারগুলোর জন্য চাইল্ডকেয়ার ভাউচার ব্যবস্থার পর্যালোচনা করে আরও সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

স্বাস্থ্য ও বিনোদন খাতে অ্যাসপায়ারের পরিকল্পনার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া পার্কে নতুন একটি লিডো বা উন্মুক্ত সুইমিং পুল নির্মাণ। এছাড়া সেন্ট জর্জেস লেজার সেন্টার এবং হোয়াইটচ্যাপেল লেজার সেন্টারে নতুন সুইমিং পুল নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।


ইশতেহারে আরও বলা হয়েছে, বিভিন্ন সেবা পুনরায় কাউন্সিলের নিজস্ব ব্যবস্থাপনায় আনা হবে। এর মধ্যে রয়েছে একটি বিশেষ ইন-হাউস গার্হস্থ্য সহিংসতা ইউনিট গঠন, ২০২৭ সালে আউটসোর্সড কোম্পানির চুক্তি শেষ হলে মেরামত সেবা কাউন্সিলের অধীনে ফিরিয়ে আনার পর্যালোচনা এবং স্বাস্থ্যসেবা অংশীদারদের সঙ্গে যৌথভাবে নতুন কাউন্সিল পরিচালিত মানসিক স্বাস্থ্য সহায়তা সেবা চালুর সম্ভাবনা যাচাই।

বয়স্ক ও ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের একাকীত্ব দূর করতে চালু করা হবে লাঞ্চন ক্লাব এবং তাদের জন্য বিশেষ দিনভ্রমণ বা “বিনোস” আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তরুণদের (SEND) জন্য অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে অ্যাসপায়ার। এর মধ্যে রয়েছে লেজার সেন্টারে সেন্সরি রুমসহ বিশেষ খেলার জায়গা তৈরি, SEND-বান্ধব আফটারস্কুল কার্যক্রম চালুর সম্ভাবনা পর্যালোচনা এবং প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের সময় SEND তরুণদের সহায়তায় বিদ্যমান ১০ লাখ পাউন্ড তহবিল আরও সম্প্রসারণের পরিকল্পনা।

অ্যাসপায়ার বলছে, এই ইশতেহারের মাধ্যমে তারা টাওয়ার হ্যামলেটসে আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায়।