যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়েছে, সতর্কতা জারি করেছে সরকার

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা “সাবস্ট্যানশিয়াল” থেকে বাড়িয়ে “সিভিয়ার” করেছে সরকার। এর অর্থ, আগামী ছয় মাসের মধ্যে দেশে সন্ত্রাসী হামলার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে মনে করা হচ্ছে।

বুধবার উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে। তবে সরকার জানিয়েছে, শুধু এই হামলার কারণেই নয়, সামগ্রিকভাবে ইসলামপন্থী ও চরম ডানপন্থী উগ্রবাদের হুমকি বৃদ্ধির কারণেও সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এর আগে সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটির সন্ত্রাসী হুমকির মাত্রা “সিভিয়ার” পর্যায়ে ছিল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “এই সিদ্ধান্ত বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে, কারণ তারা দীর্ঘদিন ধরে নানা ধরনের হামলা ও বিদ্বেষের শিকার হচ্ছেন।”

তিনি আরও বলেন, সরকার সমাজ থেকে ইহুদিবিদ্বেষ নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। একই সঙ্গে ইহুদি উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত অর্থায়নের কথাও উল্লেখ করেন তিনি।

হুমকির মাত্রা বৃদ্ধির পর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার লরেন্স টেইলর বলেন, “যুক্তরাজ্য কিছুদিন ধরেই ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মুখে রয়েছে। বিভিন্ন মতাদর্শভিত্তিক উগ্রপন্থী তৎপরতা বাড়ছে, বিশেষ করে ইহুদি ও ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঝুঁকি বেড়েছে।”

তিনি আরও জানান, বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবও যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় পড়ছে এবং দেশজুড়ে সব ধরনের অনুষ্ঠান ও সমাবেশের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করা হবে।

এ ঘটনায় ৪৫ বছর বয়সী এসা সুলেইমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে ৩৪ বছর বয়সী শ্লইমে র‌্যান্ড এবং ৭৬ বছর বয়সী মোশে শাইনের ওপর হত্যাচেষ্টার অভিযোগ তদন্ত করা হচ্ছে।