ব্রিটেনের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকের নেতা Nigel Farage-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হতে যাচ্ছে। অভিযোগ উঠেছে, তিনি এক ক্রিপ্টো ধনকুবেরের কাছ থেকে পাওয়া £৫ মিলিয়ন অর্থ সংসদে ঘোষণা করেননি।
জানা গেছে, ২০২৪ সালে থাইল্যান্ডভিত্তিক ক্রিপ্টো বিলিয়নিয়ার Christopher Harborne ফারাজকে এই অর্থ দেন। তবে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী এত বড় অঙ্কের আর্থিক সহায়তা ঘোষণা করা বাধ্যতামূলক হলেও ফারাজ তা করেননি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হাউস অব কমন্সের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্ত করবেন যে, ফারাজ সংসদীয় আচরণবিধি ভঙ্গ করেছেন কি না।
সম্প্রতি এই অর্থ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। সমালোচকদের দাবি, অর্থের উৎস ও ব্যবহার সম্পর্কে স্বচ্ছতা না থাকায় বিষয়টি গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
অন্যদিকে ফারাজের দাবি, ব্যক্তিগত নিরাপত্তা ব্যয়ের জন্যই হারবর্ন তাকে এই অর্থ পাঠিয়েছিলেন।এর আগে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার অভিযোগও ওঠে ক্ল্যাকটনের এমপি ফারাজের বিরুদ্ধে।
