পূর্ব লন্ডনে দুই দিনব্যাপী বাংলাদেশ বইমেলার উদ্বোধন

লন্ডন|কেএম আবু তাহের চৌধুরী:

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১৪তম বাংলাদেশ বইমেলা। শনিবার (২৭ জুন) পূর্ব লন্ডনের হ্যানবারি স্ট্রিটস্থ ব্র্যাডি আর্টস সেন্টারে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক রূপা চক্রবর্তী।

রঙিন বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত।


উদয় শংকর দুর্জয়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি শামীম আজাদ, সাহিত্যিক রূপা চক্রবর্তী, আনিসুজ্জামান, মোহাম্মদ ইকবাল এবং আবু মকসুদ। বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বাংলাদেশ বইমেলার গুরুত্ব তুলে ধরেন।

রোববার পর্যন্ত চলা এ মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে সাহিত্যবিষয়ক সেমিনার, যুক্তরাজ্যপ্রবাসী বাঙালি কবিদের কবিতা পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন। মেলার প্রথম দিনেই ব্রিটেনে বসবাসরত কবি, সাহিত্যিক ও লেখকদের একাধিক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মেলা ঘুরে দেখা যায়, বিপুলসংখ্যক কবি, সাহিত্যিক, লেখক ও বইপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো আয়োজন। এতে অংশ নেন কাউন্সিলর মিনারা উদ্দিন মেঘনা, কাউন্সিলর ফয়সল আহমদ, কাউন্সিলর বদরুল হক চৌধুরী, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর আব্দুল মান্নান নজরুল, কাউন্সিলর শেরওয়ান চৌধুরীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।