স্কটিশ পার্লামেন্টে শপথ নিলেন নতুন এমএসপিরা, স্পিকার নির্বাচনে ভোট আজ

হলিরুড নির্বাচনের পর স্কটিশ পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মোট ১২৯ জন এমএসপি (Member of Scottish Parliament) পার্লামেন্ট চেম্বারে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজা চার্লসের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ বা অঙ্গীকার করেন।

নতুন সদস্যদের মধ্যে ৬৪ জন প্রথমবারের মতো এমএসপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। শপথ অনুষ্ঠানটি ছিল বহুভাষিক। সদস্যরা স্কটস, গ্যালিক, হিন্দি, পোলিশ, ম্যান্ডারিন ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় শপথ পাঠ করেন।

নির্বাচনের পর পার্লামেন্টের প্রথম কার্যদিবসে সদস্যরা নতুন প্রেসাইডিং অফিসার বা স্পিকার নির্বাচনেও ভোট দেবেন। এই পদধারী ব্যক্তি পার্লামেন্টে বিতর্ক পরিচালনা, বক্তা নির্বাচন এবং দেশ-বিদেশে পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবেন।

পদটির বার্ষিক বেতন ১ লাখ ৩৬ হাজার ১১২ পাউন্ড। নির্বাচিত ব্যক্তিকে নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় সদস্যপদ ত্যাগ করতে হবে।

সাবেক গ্রিন এমএসপি অ্যালিসন জনস্টোনের উত্তরসূরি হতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন লিবারেল ডেমোক্র্যাট এমএসপি লিয়াম ম্যাকআর্থার এবং এসএনপির কেনি গিবসন, স্টুয়ার্ট ম্যাকমিলান ও ক্লেয়ার হগি।

কেনি গিবসন গত পার্লামেন্টে অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন এবং সরকারকেও কঠোরভাবে সমালোচনা করার জন্য পরিচিত। তিনি বলেছেন, পার্লামেন্টের কার্যক্রম “নীরস” হয়ে গেছে এবং তিনি এতে নতুন গতি আনতে চান।

অন্যদিকে সাবেক স্বাস্থ্য কমিটির আহ্বায়ক ক্লেয়ার হগিকে এসএনপি নেতৃত্বের পছন্দের প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের ব্যাকবেঞ্চ এমএসপি স্টুয়ার্ট ম্যাকমিলানও প্রতিযোগিতায় রয়েছেন।

গোপন ব্যালটের মাধ্যমে প্রেসাইডিং অফিসারের পাশাপাশি দুইজন ডেপুটি প্রেসাইডিং অফিসারও নির্বাচিত হবেন। ডেপুটি পদের জন্য এসএনপির ক্লেয়ার অ্যাডামসন, লেবারের ক্লেয়ার বেকার এবং কনজারভেটিভ দলের মাইলস ব্রিগসের নাম আলোচনায় রয়েছে। এ পদটির বার্ষিক বেতন ১ লাখ ১৪ হাজার ২৯৭ পাউন্ড।

আগামী সপ্তাহে এমএসপিরা স্কটল্যান্ডের নতুন ফার্স্ট মিনিস্টার নির্বাচন করবেন। নির্বাচনে বড় জয় পাওয়ার পর এসএনপির জন সুইনিকে এ পদের সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে ধরা হচ্ছে।