যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫ পুলিশ সদস্য ও এক কিশোর

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন পুলিশ কর্মকর্তা ও এক ১৩ বছর বয়সী কিশোর নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার পুলিশ বিভাগ। শনিবার উত্তর গাজার আত-তুয়াম এলাকায় একটি পুলিশ পোস্টে এই হামলা চালানো হয়।

আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ জানান, হামলায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই নিহত হন। আল-শিফা হাসপাতালের সূত্রের বরাতে তিনি বলেন, কাছাকাছি সড়কে থাকা অন্তত একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

গাজার পুলিশ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, পুলিশ পোস্টটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

হানি মাহমুদ বলেন, “এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই নয়, তার আগেও ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে গাজার পুলিশ, স্থানীয় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।”

এদিকে, গাজার প্রায় ১০ হাজার সদস্যের পুলিশ বাহিনী বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল যে যুদ্ধ শুরু করে, তা ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়। তবে এরপরও গাজাজুড়ে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৭৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহত হয়েছেন আরও ৮৮৩ জন।

গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আটজন নিহত ফিলিস্তিনির মরদেহ এবং ২৯ জন আহতকে আনা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।