রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় অগ্রগতি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বৈজ্ঞানিক অনুসন্ধান শাখা থেকে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ ডিএনএ রিপোর্ট সংগ্রহ করেন।

এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর থেকে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টও সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গুরুত্বপূর্ণ সব রিপোর্ট হাতে পাওয়ায় বর্তমানে অভিযোগপত্র প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে প্রধান অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।