বেথনাল গ্রিন ওয়েস্টে পুনর্নির্বাচিত তিন কাউন্সিলারকে সংবর্ধনা, কমিউনিটির আস্থা ও প্রত্যাশার প্রতিফলন

লন্ডন প্রতিনিধি: লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে পুনর্নির্বাচিত কাউন্সিলার স্পিকার মোস্তাক আহমদ, কাউন্সিলার আবু তালহা চৌধুরী এবং কাউন্সিলার আমিন রহমানের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশপস ওয়ে কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী। পুরো আয়োজন ছিল উৎসবমুখর এবং স্থানীয় জনগণের ভালোবাসা, সমর্থন ও আস্থার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।

বক্তারা তাঁদের বক্তব্যে গত চার বছরে তিন কাউন্সিলারের কর্মদক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, নির্বাচিত প্রতিনিধিরা এলাকার উন্নয়ন ও কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আগামী চার বছরেও তাঁরা আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সময় বক্তারা কাউন্সিলার মোস্তাক আহমদকে সম্মানিত স্পিকার, কাউন্সিলার আবু তালহা চৌধুরীকে ফাইন্যান্স অ্যান্ড রিসোর্সেস বিষয়ক কেবিনেট মেম্বার এবং কাউন্সিলার আমিন রহমানকে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের জন্য টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে বর্তমান মেয়াদে টাওয়ার হ্যামলেটসে উন্নয়ন, সুশাসন এবং কমিউনিটি সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তাঁরা প্রত্যাশা করেন। অনুষ্ঠান শেষে পুনর্নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে উপস্থিত অতিথিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁদের সফলতা কামনা করেন।