ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় চুক্তি স্বাক্ষরের আয়োজক পাকিস্তান: শেহবাজ শরিফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্জিত সমঝোতাকে ‘শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর এই সমঝোতা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি ইতিবাচক বার্তা বহন করছে।

পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, “বিশ্ব শান্তির পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ প্রত্যক্ষ করেছে। যুদ্ধের অন্ধকারের পর শান্তির সূর্য উদিত হয়েছে।”

তিনি জানান, বহু প্রতীক্ষিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আগামী ১৯ জুন জেনেভায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে এবং এ অনুষ্ঠানের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে পাকিস্তান।

জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী বলেন, “এই স্বাক্ষর অনুষ্ঠান ১৯ জুন, শুক্রবার, একটি পবিত্র দিনে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে এবং পাকিস্তান এর আয়োজক হবে।” এ উপলক্ষে তিনি পাকিস্তানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিনন্দন জানান।

শেহবাজ শরিফ আরও দাবি করেন, তেহরান ও লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে চলমান শত্রুতা বন্ধ করার বিষয়ে ওয়াশিংটন সম্মত হয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা দীর্ঘদিনের বৈরী সম্পর্ক কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। একই সঙ্গে পাকিস্তানের আয়োজক হিসেবে ভূমিকা দক্ষিণ এশিয়ার দেশটির কূটনৈতিক গুরুত্বও নতুন করে সামনে নিয়ে এসেছে।

উল্লেখ্য, দীর্ঘ কূটনৈতিক আলোচনা ও উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা অর্জিত হয়েছে। এখন আন্তর্জাতিক মহলের নজর রয়েছে জেনেভায় অনুষ্ঠিতব্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের দিকে।

সূত্র: গালফ নিউজ ও জিও নিউজ।