টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ফ্যামিলি ইনফরমেশন হাব’, এক প্ল্যাটফর্মেই মিলবে পরিবার ও তরুণদের জন্য সব সেবা

পরিবার, শিশু ও তরুণদের জন্য বিভিন্ন সেবা ও সহায়তা আরও সহজলভ্য করতে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ফ্যামিলি ইনফরমেশন হাব’ চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। মে মাসে চালু হওয়া এই অনলাইন হাবের মাধ্যমে বাসিন্দারা এখন এক জায়গা থেকেই বিভিন্ন কার্যক্রম, পরামর্শ ও সহায়তামূলক সেবার তথ্য পেতে পারবেন।

নতুন এই উদ্যোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২৫০-এর বেশি পরিবার, পেশাজীবী ও কমিউনিটি অংশীদার অংশ নেন। অনুষ্ঠানে ৩৫টিরও বেশি অংশীদার সংস্থা তাদের সেবাসমূহ প্রদর্শন করে এবং নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে বাসিন্দাদের পরিচয় করিয়ে দেয়।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটস তার শিশু, তরুণ ও পরিবারগুলোর জন্য বিনিয়োগ করতে গর্ববোধ করে। তবে আমরা জানি, মানুষ সহজে সেবার তথ্য খুঁজে না পেলে সেই সহায়তার পূর্ণ সুফল পাওয়া যায় না।

‘ফ্যামিলি ইনফরমেশন হাব’ সেই বাধা দূর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সব ধরনের তথ্য একত্রিত করে সহজলভ্য করেছে, যাতে পরিবারগুলো দ্রুত তাদের প্রয়োজনীয় সহায়তার সঙ্গে সংযুক্ত হতে পারে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ কাউন্সিলের সেই অঙ্গীকারের প্রতিফলন, যার লক্ষ্য হলো এমন একটি বরো গড়ে তোলা যেখানে প্রতিটি পরিবার নিজেকে সমর্থিত ও ক্ষমতায়িত মনে করবে।

নতুন ওয়েবসাইটটিতে বেস্ট স্টার্ট ফ্যামিলি হাবস, ফ্যামিলি ইনফরমেশন সার্ভিস এবং সেন্ড (SEND) লোকাল অফার-এর তথ্য একত্রিত করা হয়েছে। ফলে শিশু পরিচর্যা, বিভিন্ন কার্যক্রম এবং বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সহায়তা সম্পর্কিত তথ্য এখন একটি ব্যবহারবান্ধব প্ল্যাটফর্মেই পাওয়া যাবে।

কাউন্সিলের শিশু, তরুণ ও জীবন সম্ভাবনা বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই টাওয়ার হ্যামলেটসের প্রতিটি পরিবার সঠিক সময়ে সঠিক সহায়তা পেতে সক্ষম হোক।

নতুন ফ্যামিলি ইনফরমেশন হাব সেই লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। এখানে সহজেই শিশু পরিচর্যা, বিভিন্ন কার্যক্রম, SEND সেবা এবং পরামর্শ খুঁজে পাওয়া যাবে। বিশ্বস্ত স্থানীয় সেবাগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে পরিবারগুলোর জন্য দ্রুত ও কার্যকর সহায়তা পাওয়ার পথ আরও সহজ হয়েছে।”

কাউন্সিলের বিভিন্ন বিভাগ, ডিজিটাল বিশেষজ্ঞ এবং কমিউনিটি অংশীদারদের যৌথ সহযোগিতায় এই হাবটি তৈরি করা হয়েছে। এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ইতোমধ্যে জাতীয় পর্যায়ে বেশ কয়েকটি ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছে, যার মধ্যে রয়েছে সবার জন্য স্কুল ইউনিফর্ম অনুদান এবং প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল কর্মসূচি।

সূত্র : ইস্ট লন্ডন এডভাইজার