লন্ডন প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হায়দার আলীর সম্মানে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এক মতবিনিময় সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জুন পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি শামীম আহমদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মানসুর আহমদ শাওন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি ও উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী এবং ট্রাস্টি ও উপদেষ্টা ব্যারিস্টার আবুল কালাম। বক্তারা ড. হায়দার আলীর শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর বিভিন্ন অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধিত অতিথি প্রফেসর ড. হায়দার আলী তাঁর বক্তব্যে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ট্রাস্টের সকল ট্রাস্টি ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে প্রফেসর ড. হায়দার আলীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক।
অনুষ্ঠানে ট্রাস্টের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
