লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত স্পীকার কাউন্সিলার মোস্তাক আহমদ এবং ডেপুটি স্পীকার কাউন্সিলার ইকবাল হোসেনের সম্মানে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি এম এ মুকিত সভাপতিত্ব করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত স্পীকার কাউন্সিলার মোস্তাক আহমদ ও ডেপুটি স্পীকার কাউন্সিলার ইকবাল হোসেনকে অভিনন্দন জানান এবং স্থানীয় কমিউনিটির উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি সেলিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল হাই, ইস্তাব উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস। পরে স্পীকার কাউন্সিলার মোস্তাক আহমদের সম্মানে একটি মানপত্র পাঠ ও হস্তান্তর করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।
অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত অতিথিদের বরণ করে নেন। এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত দুই জনপ্রতিনিধির সাফল্য কামনা করেন এবং কমিউনিটির স্বার্থে তাদের কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
