স্পোর্টস ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ড ও মেক্সিকোর বহুল প্রতীক্ষিত ম্যাচকে কেন্দ্র করে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। সমর্থকদের নির্বিঘ্নে ম্যাচ উপভোগের সুযোগ দিতে ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে পাব ভোর ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপের সময়সূচির কারণে ম্যাচটি যুক্তরাজ্য সময় রাত ১টায় শুরু হবে। সময়ের এই পার্থক্য বিবেচনায় নিয়েই সরকার সাময়িকভাবে পাব খোলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের আনন্দ উদযাপন নির্বিঘ্ন রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “ফুটবল হয়তো ঘরে ফিরছে, কিন্তু আমরা নিশ্চিত করছি সমর্থকদের বাড়ি ফিরতে তাড়াহুড়ো করতে হবে না। শেষ বাঁশি পর্যন্ত পাব খোলা থাকা সমর্থকদের জন্য যেমন আনন্দের, তেমনি স্থানীয় ব্যবসার জন্যও ইতিবাচক। গোটা দেশ ইংল্যান্ড দলের পাশে রয়েছে।”
এর আগে টুর্নামেন্ট চলাকালে ইংল্যান্ডের ম্যাচগুলোর জন্য পাব রাত ২টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের সময়সূচির কারণে এবার সেই সময়সীমা বাড়িয়ে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।
শেষ ৩২-এর লড়াইয়ে কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কোচ থমাস টুখেলের দল। এখন তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী মেক্সিকো। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল অথবা নরওয়ে।
সময় পার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই যুক্তরাজ্যের দর্শকদের গভীর রাতে দেখতে হচ্ছে। তবে সরকারের এই সিদ্ধান্তে সমর্থকদের উচ্ছ্বাস আরও বেড়েছে। একই সঙ্গে পাব মালিক ও স্থানীয় ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এর ফলে ফুটবলপ্রেমীরা স্বাচ্ছন্দ্যে ম্যাচ উপভোগ করতে পারবেন এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
